সকল খবর দেশের খবর

আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত, দ্বিপক্ষীয় চুক্তির আগ্রহ

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৬-১০-২০২৬ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১৫৮

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) একাডেমিতে উৎপাদিত কুটিরশিল্পের পণ্যের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন কসোভো, মালদ্বীপ, মরক্কো ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূতেরা। এসব পণ্যের মান ও উৎপাদন কার্যক্রম পরিদর্শন করে তাঁরা প্রশংসা করেন। পাশাপাশি নিজ নিজ দেশে পণ্য নেওয়া এবং এ বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তির সম্ভাবনা নিয়েও আগ্রহ প্রকাশ করেন তাঁরা।

সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে চার দেশের রাষ্ট্রদূত একাডেমি পরিদর্শনে যান। সেখানে তাঁদের স্বাগত জানান বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

একাডেমি পরিদর্শনকালে রাষ্ট্রদূতেরা হস্ত ও কুটিরশিল্প বিভাগ, গার্মেন্টস বিভাগ এবং প্রান্তিক শক্তি ও ওয়েল্ডিং বিভাগ ঘুরে দেখেন। এসব বিভাগে উৎপাদিত বিভিন্ন পণ্য, প্রশিক্ষণ কার্যক্রম ও উৎপাদনমুখী উদ্যোগ সম্পর্কে তাঁরা অবহিত হন।

পরিদর্শন শেষে পণ্যের গুণগত মান ও একাডেমির সামগ্রিক কার্যক্রমের প্রশংসা করেন সফরকারী অতিথিরা। একই সঙ্গে এসব পণ্য নিজ নিজ দেশে নিয়ে যাওয়ার বিষয়ে তাঁদের আগ্রহের কথা জানান।

পরিদর্শন শেষে আনসার-ভিডিপির মহাপরিচালকের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহাপরিচালক জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় একাডেমিতে কুটিরশিল্পের কার্যক্রম শুরু হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও এসব পণ্যের প্রতি আগ্রহ ও চাহিদা বাড়ছে।

তিনি আরও জানান, সফরকারী চার দেশের রাষ্ট্রদূতেরা একাডেমিতে উৎপাদিত পণ্য তাঁদের নিজ নিজ দেশে নেওয়ার বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছেন।

এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে আনসার-ভিডিপির উৎপাদিত কুটিরশিল্পের পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে উৎপাদন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও ইতিবাচক ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে।

একাডেমির জনসংযোগ কর্মকর্তা পারভেজ আহমেদ জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রদূতেরা একাডেমিতে পৌঁছান। এ সময় তাঁরা আনসার-ভিডিপির বিভিন্ন কার্যক্রম ও উৎপাদনমুখী উদ্যোগ সম্পর্কে বিস্তারিত পর্যবেক্ষণ করেন।

অনুষ্ঠানে চার দেশের রাষ্ট্রদূত ছাড়াও আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাহিনীর সদস্য এবং দেশি-বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।