স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ময়মনসিংহ নগরবাসীর স্বস্তি ও সুরক্ষা নিশ্চিত করতে সরাসরি মাঠে নেমেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) নবনিযুক্ত প্রশাসক রোকনুজ্জামান রোকন। ‘বুকে সেবক’ পরিচয় নিয়ে গত দুই দিনে তিনি নগরের গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করে একাধিক তাৎপর্যপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন।
প্রশাসক রোকন নগরীর দীর্ঘদিনের যানজট নিরসনে প্রথমেই মাঠে গিয়েছেন। সেখানে যানবাহনের অনিয়ন্ত্রিত প্রবেশ, অবৈধ পার্কিং ও স্ট্যান্ড ব্যবস্থাপনার অসংগতি চিহ্নিত করে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশনা দেন। তিনি বলেন, “ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে যেকোনো মূল্যে যানজট নিয়ন্ত্রণে আনতে হবে।”
এরপর তিনি শহরের ব্যস্ত এলাকা থেকে দীর্ঘদিন ধরে সড়ক দখল করা অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। প্রশাসক কঠোর বার্তা দিয়ে বলেন, “জনস্বার্থের বিরুদ্ধে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।”
ঈদের প্রধান জামাত নির্বিঘ্ন করার জন্য তিনি শহরের কেন্দ্রীয় মাঠ পরিদর্শন করেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এক মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিনি ৬৮৭ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে সরকারি অনুদান বিতরণ করেন। এসময় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “নগরকে বাসযোগ্য রাখতে আপনাদের অবদান অনস্বীকার্য। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এই উদ্যোগ।”
রোকনুজ্জামান রোকন ১৬ মার্চ ২০২৬-এ মসিকের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি সাংবাদিকদের জানান, আসন্ন ঈদ উপলক্ষে নগরের প্রধান চ্যালেঞ্জগুলো হলো যানজট নিরসন, জলাবদ্ধতা দূর করা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা। তিনি মাঠ পর্যায়ের তদারকিকে দাপ্তরিক ফাইলের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি মাসে সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন।
দায়িত্ব গ্রহণের সময় রোকন জানান, “নগরবাসী থেকে প্রশাসনিক কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন বাধ্যতামূলক নয়। এখানে সকল কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক।”
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা নতুন প্রশাসকের এই মাঠমুখী ও জনবান্ধব কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, রোকনের নেতৃত্বে নগর ব্যবস্থাপনায় নতুন গতি আসবে এবং নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তন ঘটবে।
নবনিযুক্ত প্রশাসক রোকনুজ্জামান রোকন একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হলেও পরে তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলার যুবদলের সভাপতি ও বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। কঠিন সময়ে তিনি সর্বদা তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকায় ‘রোকন’ নামেই বেশি পরিচিত।
ঈদকে কেন্দ্র করে নগরবাসীর স্বস্তি বৃদ্ধিতে ময়মনসিংহে প্রশাসক রোকনের এই সমন্বিত উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।