সকল খবর
ময়মনসিংহের খবর
বাজার তদারকিতে সিন্ডিকেটের হুমকি বন্ধে কঠোর ব্যবস্থা দাবি, ডিসির কাছে ক্যাবের স্মারকলিপি
অনিন্দ্যবাংলা ডেস্ক:
প্রকাশ : ২৪-২-২০২৬ ইং |
নিউজটি দেখেছেনঃ ৫০০৯
ময়মনসিংহ, ২৩ ফেব্রুয়ারি: বাজার তদারকি অভিযানে ব্যবসায়ী সিন্ডিকেটের হুমকি ও ভয়ভীতি বন্ধ এবং প্রশাসনিক নিরাপত্তা জোরদারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ময়মনসিংহ জেলা শাখা। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ক্যাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক জি. এম. রহমান ফিলিপ ও সাংগঠনিক সম্পাদক রবিন বরকত উল্যাহ। এ সময় ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুমও উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম পরিচালনার সময় সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী ও গোষ্ঠী সংগঠিতভাবে বাধা সৃষ্টি করছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। এসব ঘটনার ভিডিও ও প্রতিবেদন ইতোমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ভোক্তাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে।
ক্যাব নেতারা বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় ও মজুতদারির মতো অনিয়ম রোধে নিয়মিত তদারকি অপরিহার্য। কিন্তু তদারকির সময় যদি প্রশাসনিক কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করা হয় বা সংঘবদ্ধভাবে বাধা দেওয়া হয়, তবে তা ভোক্তা অধিকার রক্ষা ও ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। বিশেষজ্ঞ মহলের মতামতও স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, এ ধরনের আগ্রাসী আচরণ জাতীয় স্বার্থের পরিপন্থী এবং আইনের শাসনের জন্য হুমকিস্বরূপ।
এ প্রেক্ষাপটে ক্যাব বাজার তদারকি কার্যক্রমে প্রশাসনিক সহায়তা ও নিরাপত্তা জোরদার, বাধাদানকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং জোরদার এবং ব্যবসায়ীদের আইন মেনে চলতে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার দাবি জানায়।
ক্যাব নেতারা আরও বলেন, বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় প্রশাসনের দৃঢ় ও দৃশ্যমান পদক্ষেপ এখন সময়ের দাবি। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।